বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমজাতীয়সেপ্টেম্বরেই স্থানীয় নির্বাচনের তফসিল, ভোট বছরের শেষ দিকে: সিইসি

সেপ্টেম্বরেই স্থানীয় নির্বাচনের তফসিল, ভোট বছরের শেষ দিকে: সিইসি

favicon
মাহামুদুল হাসান
সেপ্টেম্বরেই স্থানীয় নির্বাচনের তফসিল, ভোট বছরের শেষ দিকে: সিইসি

আগামী সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ বছরের শেষ নাগাদ স্থানীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে কমিশনের। তবে প্রয়োজন হলে তফসিল অক্টোবরে ঘোষণা করা হতে পারে।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।


সিইসি জানান, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় ৪০ মিনিটের বৈঠকে নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করতে রাষ্ট্রপতির সহযোগিতা চেয়েছে কমিশন। জবাবে ইসিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি।


স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণে বেশ কিছু বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে বলেও জানান সিইসি। এর মধ্যে রয়েছে সামনে বার্ষিক পরীক্ষা, দুর্গাপূজা, আগামী বছরের শুরুতে পবিত্র রমজান এবং এরপর এসএসসি পরীক্ষা।


এদিকে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে ইসি। ওই আসনে উপনির্বাচন আয়োজনেও কমিশন সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন।