বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমজাতীয়‘আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’: হট্টগোলের পর স্পিকার

‘আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’: হট্টগোলের পর স্পিকার

favicon
ভোরের আলো ডেস্ক:
‘আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’: হট্টগোলের পর স্পিকার

জাতীয় সংসদে হট্টগোল ও বাগবিতণ্ডার ঘটনায় বর্তমান সংসদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেছেন, একে অপরকে কথা বলার সুযোগে বাধা দেওয়ার প্রবণতা সংসদের জন্য ভালো লক্ষণ নয়।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় নেতার বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোলের পর স্পিকার এসব কথা বলেন। বিকেল ৩টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করছিলেন তিনি।


স্পিকার বলেন, ‘আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আজকে একে অপরকে কথা বলার সুযোগকে যেভাবে বাধা দেওয়ার প্রচেষ্টা দেখেছি, এটা সংসদের জন্য ভালো লক্ষণ নয়।’


তিনি সংসদ সদস্যদের রুলস অব প্রসিডিউর কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে সচল রাখতে এবং জনগণের প্রতিষ্ঠান হিসেবে সংসদকে কার্যকর রাখতে নিয়ম মেনে চলা জরুরি।


স্পিকার আরও বলেন, সংসদের কার্যপ্রণালি বিধি পড়তে হবে। তিনি যখন বক্তব্য দেন, তখন সংসদ সদস্যদের বসে তা শুনতে হবে। এসব আইন ও নিয়ম না মানলে বা ভঙ্গ করলে সংসদ বেশিদিন চলতে পারবে না।


জাতীয় সংসদে নিজের ৪০ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে স্পিকার বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সব সংসদ সদস্যের একটি কার্যকর ও ভালো সংসদ উপহার দেওয়ার চেষ্টা করা উচিত।


এর আগে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি প্রশ্নটি বুঝতে পারেননি। তিনি বলেন, ‘স্পিকার, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারিনি।’


স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যকে কেন্দ্র করে সংসদে হট্টগোল ও উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যদি কথাই না বলতে দেন, তাহলে কিসের বাকস্বাধীনতা।’


এরপর বিরোধী দলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার দাবি জানানো হয়।