বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › বিদ্যুৎ নেই বলে অভিযোগ করলে মঞ্চের পেছনের ফ্যানও বিবেচনায় নিতে হবে: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ নেই বলে অভিযোগ করলে মঞ্চের পেছনের ফ্যানও বিবেচনায় নিতে হবে: প্রতিমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
বিদ্যুৎ নেই বলে অভিযোগ করলে মঞ্চের পেছনের ফ্যানও বিবেচনায় নিতে হবে: প্রতিমন্ত্রী

মঞ্চের পেছনে বিদ্যুতের ফ্যান চালিয়ে বিদ্যুৎ নেই বলে অভিযোগ করলে বিষয়টি সাধারণ মানুষকে বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দলের ৫ তারিখের লং মার্চে ব্যবহৃত পরিবহনে প্রায় এক লাখ লিটার জ্বালানি প্রয়োজন হবে। জ্বালানির সংকট থাকলে এত বিপুল পরিমাণ তেল তারা কোথা থেকে পাবে—এ প্রশ্নও তোলেন তিনি।


সস্তা জনপ্রিয়তা অর্জনের আশায় জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সাময়িক যে অসুবিধা তৈরি হয়েছিল, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে জনগণের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। এ জন্য ক্ষমাও চাওয়া হয়েছে।


তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে সরকারের স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্মসূচি রয়েছে। চলমান সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী সংসদের মাধ্যমে জাতির সামনে এসব পরিকল্পনা তুলে ধরবেন।


এদিকে চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না।


অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকার, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি।


মীর শাহে আলম আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবেই যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার মানদণ্ড থেকে বিচ্যুত না হয়, সে বিষয়ে সরকারের সর্বোচ্চ নজর থাকবে।