সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমজাতীয়দেশে পর্যাপ্ত সার মজুদ আছে, কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

দেশে পর্যাপ্ত সার মজুদ আছে, কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশে পর্যাপ্ত সার মজুদ আছে, কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়সহ সারাদেশে পর্যাপ্ত পরিমাণ সার সরবরাহ ও মজুদ রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তবে ডিলারদের একটি অংশ কৃষকদের মধ্যে সঠিকভাবে সার বিতরণ না করায় কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।


শনিবার (২৯ আগস্ট) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত সার সরবরাহ, বিতরণ, মজুদ ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।


ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশে পর্যাপ্ত সার রয়েছে। কিন্তু কৃষকের কাছে সঠিকভাবে সার পৌঁছানোর ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হচ্ছে। ডিলারদের একটি অংশ যথাযথভাবে সার বিতরণ না করায় কোথাও কোথাও কৃত্রিম সংকট দেখা দিয়েছে।


তিনি বলেন, ক্ষুদ্র কৃষকদের দিনের পর দিন, এমনকি ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সার সংগ্রহ করতে হচ্ছে। এ সমস্যা সমাধানে শূন্য পদে নতুন ডিলার নিয়োগ এবং ইউনিয়নভিত্তিক ডিলারশিপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।


পঞ্চগড়ে চা ও আলু চাষের জন্য বাড়তি সারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, জেলায় প্রায় ১০ হাজার একর জমিতে চা চাষ হচ্ছে। পাশাপাশি আলু উৎপাদনও ব্যাপক হওয়ায় এসব ফসলের চাহিদা অনুযায়ী অতিরিক্ত সার সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।


সার নিয়ে গুজব কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না বলেও সতর্ক করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।


তিনি বলেন, সার সরবরাহ, মজুদ, বিতরণ ও ব্যবস্থাপনার সার্বিক বিষয় নিয়ে ডিলারদের অবহিত করতেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। কৃষকের কাছে যাতে প্রয়োজন অনুযায়ী সঠিক সময়ে সার পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।