হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯ জনে।
এদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৩৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ৫৯ হাজার ১৫০ জনের।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন।