ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩২৪
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৭৮ জন, বরিশালে ১২১, চট্টগ্রামে ১৩৯, খুলনায় ২৪৬, ময়মনসিংহে ৮৭, রাজশাহীতে ১১৪, সিলেটে ৫ এবং রংপুর বিভাগে ৩৪ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, নতুন রোগীসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৭০ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে।