বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়কমেছে বৃষ্টি, বাড়ছে গরম; তাপমাত্রা কমার আভাস

কমেছে বৃষ্টি, বাড়ছে গরম; তাপমাত্রা কমার আভাস

favicon
ভোরের আলো ডেস্ক:
কমেছে বৃষ্টি, বাড়ছে গরম; তাপমাত্রা কমার আভাস

দেশের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় রয়েছে। ফলে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দেশের বিভিন্ন এলাকায় গরমের অনুভূতি বাড়ছে।


বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর আগের দিন মঙ্গলবার ঢাকাসহ দেশের ২৫টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে।


আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের পাশাপাশি ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কিছু কিছু এলাকা থেকে এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।


পূর্বাভাস অনুযায়ী, বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।


মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে, ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই দিন রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।