১ লাখ ৬৮ হাজার কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন, থাকছে ইলেকট্রিক ট্রেন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি মেট্রোরেল ও একটি ইলেকট্রিক ট্রেন প্রকল্প রয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
সভায় ৩ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ে ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রেন চালুর প্রকল্পও অনুমোদন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সালে এই রুটে ইলেকট্রিক ট্রেন চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সভা শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি জানান, একনেকের বৈঠকে বিভিন্ন খাতের মোট ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
এর মধ্যে মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেন প্রকল্পের পাশাপাশি অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পও রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।