দু-এক দিনের মধ্যে বাড়তে পারে গরম, তাপমাত্রা উঠতে পারে ৩৭ ডিগ্রিতে
বেশ কয়েক দিন ধরে দেশের তাপমাত্রায় ওঠানামা চলছে। এর সঙ্গে ভ্যাপসা গরমে অস্বস্তিতে রয়েছে জনজীবন। বিভিন্ন স্থানে মাঝেমধ্যে বৃষ্টি হলেও গরমের অনুভূতি কমছে না। এর মধ্যে আগামী দু-এক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় গরমের তীব্রতা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী ২০ সেপ্টেম্বরের দিকে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর আগে দেশে বৃষ্টিপাত তুলনামূলক কম থাকতে পারে। লঘুচাপ সৃষ্টি হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে গরমের সময়কাল আগের তুলনায় দীর্ঘ হচ্ছে। এর প্রভাব বর্ষাকালেও অনুভূত হচ্ছে। ফলে বৃষ্টি থাকলেও অনেক সময় তাপমাত্রা ও ভ্যাপসা গরমের কারণে জনজীবনে অস্বস্তি থেকে যাচ্ছে।