ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৫৫
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৫৫ জন।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৬ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৭১ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রংপুর বিভাগে ৪১ জন এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নতুন ৬ জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে। একই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৩ হাজার ৬২৭ জন।