ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ২০১ জনের
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৯ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৮০ জন, ময়মনসিংহ বিভাগে ১১৩ জন, রাজশাহী বিভাগে ১৫৬ জন, রংপুর বিভাগে ৫৯ জন এবং সিলেট বিভাগে আটজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬৭ হাজার ৩৬৭ জন ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ২০১ জন।