এআই খাতে বিনিয়োগে ৩ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখছে বিশ্ব অর্থনীতি: আইএমএফ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগের ফলে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় ৩ শতাংশে ধরে রাখা সম্ভব হচ্ছে। একই সঙ্গে এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার সরবরাহকারী এশিয়ার বিভিন্ন দেশও এ বিনিয়োগ থেকে উল্লেখযোগ্য সুবিধা পাচ্ছে।
সোমবার (১২ অক্টোবর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এ কথা জানান।
তিনি বলেন, এআই খাতে বিনিয়োগের জোয়ার বিশ্ব অর্থনীতিতে চাহিদা ও বিনিয়োগের নতুন গতি তৈরি করেছে। এর ফলে এশিয়ার উন্নত অর্থনীতিগুলোর প্রবৃদ্ধি শূন্য দশমিক ৫ থেকে ১ শতাংশ পয়েন্ট পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে, এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলোর প্রবৃদ্ধি শূন্য দশমিক ২ থেকে শূন্য দশমিক ৮ শতাংশ পয়েন্ট বাড়ার সম্ভাবনা রয়েছে।
জর্জিয়েভা বলেন, ‘এআইকে আপনি ভালোবাসুন কিংবা অপছন্দ করুন, এটি ইতোমধ্যে আমাদের বাস্তবতায় পরিণত হয়েছে।’
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের সপ্তাহব্যাপী বৈঠকের প্রথম দিনে শত শত অংশগ্রহণকারীর সামনে বক্তব্য দেন তিনি।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক বলেন, জ্বালানি সরবরাহে সংকট বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিকে নিম্নমুখী চাপের মধ্যে ফেলছে। তবে এআই অবকাঠামো খাতে বিনিয়োগ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করছে। এ কারণে নানা প্রতিকূলতার মধ্যেও বৈশ্বিক অর্থনীতি প্রায় ৩ শতাংশ প্রবৃদ্ধি বজায় রাখতে পারছে।