সবজিসহ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মধ্যবিত্ত পরিবার
সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় চাপে পড়েছেন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। সংসারের খরচ সামলাতে অনেকেই বাজারের বাজেট কমাচ্ছেন। কেউ ছোট করছেন বাজারের ব্যাগ, আবার কেউ তুলনামূলক কম দামের খাবার কিনে কোনো রকমে দিন পার করছেন।
বাজার করতে গিয়ে উচ্চবিত্তরা সাধারণত দরদাম করেন না। অন্যদিকে নিম্নবিত্তদের অনেকেই প্রয়োজনীয় খাবার কিনতে হিমশিম খান। এই দুই শ্রেণির মাঝখানে থাকা মধ্যবিত্তরা নিত্যপণ্যের বাড়তি দামে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন। পছন্দের খাবার বাদ দেওয়ায় তাঁদের আমিষ ও পুষ্টির চাহিদাও ব্যাহত হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ চান তাঁরা।
শনিবার (২৮ নভেম্বর) সরেজমিনে রাজধানীর যাত্রাবাড়ী ও মীরহাজিরবাগের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির দাম বেশ চড়া। মাছ-মাংসের মতো আমিষজাতীয় খাবারের দামও অনেক বেশি।
যাত্রাবাড়ী কাঁচাবাজারের সবজি বিক্রেতা আবুল কালাম জানান, প্রতি কেজি চিচিঙ্গা ১১০ টাকা, প্রতিটি চালকুমড়া ১২০ টাকা এবং এক কেজির কম ওজনের মিষ্টিকুমড়া ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। করলা ও বরবটি প্রতি কেজি ১১০ টাকা, ধুন্দল ১২০ টাকা এবং টমেটো ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তবে শিমের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি শিম ১৩০ টাকা থাকলেও শনিবার তা ৯০ টাকায় বিক্রি হয়েছে। কাঁচা মরিচের দামও কেজিপ্রতি ১০০ থেকে ১১০ টাকা থেকে কমে ৮০ থেকে ৯০ টাকায় নেমেছে। শুকনা মরিচ বিক্রি হচ্ছে ৪৪০ টাকা কেজি দরে।
বাজারে প্রতিটি লাউ ৮০ থেকে ৯০ টাকা, ছোট ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা, বেগুন ৬০ থেকে ৯০ টাকা কেজি এবং লেবুর হালি ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। দনিয়া ও পুদিনাপাতা ১০০ গ্রাম ৩০ টাকা, পটল ১২০ টাকা এবং শসা ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
মীরহাজিরবাগের খুচরা বাজারে এসব সবজির দাম আরও বেশি। দুই বাজারেই দোকানভেদে পাইকারি দামের চেয়ে প্রতি কেজি সবজি ১০ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
সবজির দাম বাড়ার কারণ জানতে চাইলে আবুল কালাম বলেন, ‘বাজারে শীতকালীন সবজি আসছে কম, কিন্তু চাহিদা বেশি। এ কারণে এসব খাদ্যপণ্যের দাম কিছুটা বেড়েছে।’
খুচরা বাজারে তুলনামূলক বেশি দামের বিষয়ে মীরহাজিরবাগ বাজারের বিক্রেতা সেলিম বলেন, ‘আমরা তো পাইকারি বাজার থেকে কিনে এনে বিক্রি করি। এরপর দোকানভাড়া, সবজি পরিবহনের ব্যয় আছে। আমাদেরও তো পেট বাঁচাতে হবে।’
চাল-ডাল-তেলের দাম
চাল, ডাল ও তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের মাসের তুলনায় বেড়েছে।
বর্তমানে প্রতি কেজি বিআর-২৮ চাল ৫০ থেকে ৫৫ টাকা, মিনিকেট ৭০ থেকে ৮০ টাকা, নাজিরশাইল ৮৫ থেকে ৯৫ টাকা এবং চিনিগুঁড়া চাল ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
দেশি মসুর ডাল ১৫০ টাকা, মোটা মসুর ডাল ৯০ টাকা, দেশি মুগ ডাল ১৭০ টাকা, ভারতীয় মুগ ডাল ১৩০ টাকা, ছোলা ১১০ টাকা, বুট ১৩০ টাকা এবং ডাবলি ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ১০ টাকা। তবে দোকানভেদে দামে কিছুটা পার্থক্য রয়েছে।
### **পেঁয়াজ-আদা-রসুনের বাজার**
যাত্রাবাড়ী বাজারের দোকানদার রশীদ জানান, মানভেদে প্রতি কেজি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা, আদা ১০০ থেকে ১৫০ টাকা, বিদেশি রসুন ১৮০ থেকে ২০০ টাকা এবং দেশি রসুন ১০০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
আলুর দামও কিছুটা বেড়েছে। প্রতি কেজি আলু পাইকারি ২০ থেকে ২২ টাকা এবং খুচরা বাজারে ২৫ থেকে ৩০ টাকায় পাওয়া যাচ্ছে।
### **মাছ-মাংস-ডিমের দাম**
বাজারে ডিমের দাম কিছুটা কমেছে। ফার্মের ডিমের হালি বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকায়। যাত্রাবাড়ী বাজারের ডিম বিক্রেতা নাসিম বলেন, ‘এখন শীতকাল, এ কারণে ডিমের উৎপাদন বাড়ায় দাম কমেছে।’
খাসি ও ছাগলের মাংসের দাম স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা এবং গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৯০ টাকা এবং দেশি মুরগি ৬০০ থেকে ৭৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
মাছের বাজারে মাঝারি আকারের চাষের রুই প্রতি কেজি ২৯০ থেকে ৩১০ টাকা, পাঙাশ ১৫০ থেকে ১৯০ টাকা, তেলাপিয়া ১৫০ থেকে ২১০ টাকা এবং কই মাছ ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড় ইলিশের দাম প্রতি কেজি ৩ হাজার টাকা।
### **ফলের বাজার**
ফলের দাম গত সপ্তাহের তুলনায় সামান্য ওঠানামা করছে। বর্তমানে মাল্টা প্রতি কেজি ৩৪৫ থেকে ৩৫৫ টাকা, ফুজি আপেল ৩৩০ টাকা, গালা আপেল ৩৫০ টাকা, সবুজ আপেল ৩৭০ টাকা, নাশপাতি ২৯০ টাকা এবং লাল ও সবুজ আঙুর ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি ড্রাগন ফলের দাম প্রতি কেজি ১৫০ থেকে ১৮০ টাকা।
বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আলি আকবর বলেন, বাজারে উচ্চবিত্তরা সাধারণত দরদাম করেন না। নিম্নবিত্তরা প্রয়োজনের খাবার কিনতেও হিমশিম খান। আর মধ্যবিত্তরা বাড়তি দামের চাপে পছন্দের খাবার বাদ দিতে বাধ্য হচ্ছেন।
তিনি বলেন, ‘আগে আমি দেশি মুরগি কিনতাম, কিন্তু তার চামড়া, পাখনা ও পা নিতাম না। এখন দাম এত বেড়েছে যে এসব জিনিসও ব্যাগে ভরে দিতে বলি বিক্রেতাদের। গরুর মাংস তো মাসে একবার বা দুবার খাই। বড় ইলিশ মাছ কিনতে গেলেও ভয় হয়। এছাড়া শীতকালীন সবজিও বেশি দামে বিক্রি হচ্ছে।’
বাজারের এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সরকারের কার্যকর পদক্ষেপ চান আলি আকবর। তাঁর প্রত্যাশা, বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে সাধারণ মানুষকে অর্থনৈতিক চাপ থেকে স্বস্তি দেওয়া হবে।
নিত্যপণ্যের দাম বাড়ায় অনেক পছন্দের খাবার বাদ দিতে হয়েছে বলে জানান ট্রাকচালক আবুল কাশেম। তিনি বলেন, ‘আমরা বেশি কিছু তো চাই না, শুধু খেয়ে-পরে শান্তিতে বেঁচে থাকতে চাই। ইউনুস সরকারের আমলেও তো খাবারের দাম বা জ্বালানির দাম এত বাড়েনি। এখন যদি গণতন্ত্র ফিরে আসে, তাহলে আমরা কেন তার সুফল পাচ্ছি না।’
কম দামের খাদ্যপণ্য কিনে কোনো রকমে দিন পার করার পরিস্থিতি থেকে মুক্তি চান তিনি। তাঁর মতে, সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করে জনগণকে গণতন্ত্রের সুফল পৌঁছে দিক।