বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের পঞ্চম সভা আজ

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের পঞ্চম সভা আজ

favicon
ভোরের আলো ডেস্ক:
পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের পঞ্চম সভা আজ

তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে আজ।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।


এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। আগে এই মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা।


বোর্ডের আলোচনায় সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনটি গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়। এর মধ্যে গ্রেড-১-এ সর্বনিম্ন মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে গ্রেড-৪-এর নিম্নতম মজুরি সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।


সেই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতিটি গ্রেডের কোনো শ্রমিকের বিদ্যমান মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে তার সঙ্গে ন্যূনতম দুই হাজার টাকা যোগ করা হবে।


এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার দীর্ঘ আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে। তবে মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে উল্লেখ করেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় সেদিন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।


গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এরপর ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষকে নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।