পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব মালিকপক্ষের
তৈরি পোশাক খাতের নতুন মজুরি কাঠামো নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সর্বশেষ প্রস্তাবে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। অন্যদিকে শ্রমিকপক্ষের দাবি ২২ হাজার টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে আলোচনার ফাঁকে প্রেস ব্রিফিংয়ে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ তথ্য জানান।
এর আগে গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা এবং নতুন নিয়োগপ্রাপ্ত ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছিল। বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা।
তবে গত সোমবার বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষের প্রস্তাব ও আলোচনা শেষে শ্রমিকপক্ষ তাদের দাবিও সংশোধন করে সর্বনিম্ন মজুরি ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়।
কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই গতকালের সভা মুলতবি করা হয়। পরে মঙ্গলবার দুপুর ২টায় আবার আলোচনা শুরু হয়। কয়েক দফা আলোচনার পরও মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় নতুন মজুরি কাঠামো নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।