বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › দেশের ৬৪.৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতায়

দেশের ৬৪.৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতায়

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশের ৬৪.৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতায়

দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৬৪ দশমিক ৫ শতাংশ আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এসেছে। তবে এ ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরা ৮ দশমিক ৬ শতাংশ পয়েন্ট পিছিয়ে রয়েছেন। ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে-২০২৫’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে।


বুধবার (১৮ নভেম্বর) গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড) জরিপের ফলাফল প্রকাশ করে।


জরিপে বলা হয়, দেশে আর্থিক সেবার গ্রাহক সবচেয়ে বেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল আর্থিক সেবায়। এ খাতে মোট হিসাবের সংখ্যা ২৫ কোটি। এর মধ্যে নারীদের নামে রয়েছে ১০ কোটি হিসাব।


জেলাভিত্তিক আর্থিক অন্তর্ভুক্তির হারে সবচেয়ে এগিয়ে রয়েছে রাজবাড়ী জেলা। সেখানে এ হার ৮৩ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে পিছিয়ে রয়েছে সিরাজগঞ্জ জেলা, যেখানে আর্থিক অন্তর্ভুক্তির হার ৪৬ দশমিক ৮ শতাংশ।


দেশে আর্থিক অন্তর্ভুক্তির হার বাড়াতে আগামী পাঁচ বছরে তা ৭০ শতাংশে উন্নীত করার সুপারিশ করেছে র‍্যাপিড।


এ লক্ষ্য অর্জনে নিয়মিত তথ্য-উপাত্ত সংগ্রহ, নারীদের জন্য বিশেষ আর্থিক সেবা চালু এবং নিম্ন আয়ের মানুষের জন্য ব্যাংকিং প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।


অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান জানান, আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতা দূর করতে কাজ চলছে।