বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › রমজান সামনে রেখে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

রমজান সামনে রেখে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

favicon
ভোরের আলো ডেস্ক:
রমজান সামনে রেখে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

আসন্ন রমজানে বাজারে খেজুর, মাল্টা ও আপেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে এসব পণ্য আমদানিতে শুল্ক ও করভার কমিয়েছে সরকার। খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে, মাল্টা ও আপেল আমদানিতে বিদ্যমান ১২১ দশমিক ৭৮ শতাংশ মোট করভার কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।


রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রস্তাবটি উত্থাপন করে।


বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানিতে ৫ শতাংশ কাস্টমস শুল্ক কার্যকর থাকবে। এর আগে এ পণ্য আমদানিতে শুল্কের হার ছিল ২৫ শতাংশ।


এ ছাড়া আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাল্টা ও আপেল আমদানিতে কমানো করভার কার্যকর থাকবে।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এইচএস কোড ০৮০৫১০৯০-এর আওতাভুক্ত অরেঞ্জ বা মাল্টা এবং এইচএস কোড ০৮০৮১০৯০-এর আওতাভুক্ত আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে।


সরকারের এ সিদ্ধান্তের ফলে রমজানকে সামনে রেখে বাজারে এসব ফলের আমদানি ও সরবরাহ বাড়বে এবং ভোক্তারা তুলনামূলক সহনীয় দামে পণ্য কিনতে পারবেন বলে আশা করা হচ্ছে।