রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › শীতের সবজিতে বাজার ভরপুর, তবু কমছে না দাম

শীতের সবজিতে বাজার ভরপুর, তবু কমছে না দাম

favicon
ভোরের আলো ডেস্ক:
শীতের সবজিতে বাজার ভরপুর, তবু কমছে না দাম

শীতের আগমনে রাজধানীর বাজারগুলোতে উঠতে শুরু করেছে নানা ধরনের টাটকা ও পুষ্টিকর সবজি। বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে সবজির বৈচিত্র্য বেশি থাকায় ক্রেতাদের মধ্যেও কেনাকাটার আগ্রহ বাড়ছে। তবে নতুন সবজি বাজারে আসায় মৌসুমের শুরুতে বেশ কিছু পণ্যের দাম এখনো তুলনামূলক বেশি।


বাজারে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। বিভিন্ন জাতের বেগুনের মধ্যে বড় তাল বেগুনের দাম প্রতি কেজি ৯০ টাকা। চারটি লেবু কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৬০ টাকার বেশি। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। তবে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে, প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকা।


বছরের অন্যান্য সময়ের তুলনায় কিছু সবজির দামে স্বস্তি থাকলেও অনেক পণ্যের দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে বলে অভিযোগ রয়েছে। বাজারে সরবরাহ বাড়ার পরও কেন দাম প্রত্যাশিত হারে কমছে না, তা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রেতারা।


খুচরা বিক্রেতাদের মতে, দীর্ঘদিন ধরে চলে আসা হাতবদলের প্রক্রিয়ায় প্রতিটি ধাপে পণ্যের দাম বাড়ছে। পাশাপাশি উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সবজির বাজারেও এর প্রভাব পড়ছে। সার, বীজ, কীটনাশক ও সেচের বাড়তি ব্যয় কৃষকদের উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে।


এদিকে টমেটো, করলা ও নতুন আলুসহ কয়েকটি সবজির দাম এখনো প্রতি কেজি ১০০ টাকার আশপাশে বা তার বেশি। বিক্রেতাদের আশা, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে সরবরাহ বাড়বে এবং এসব পণ্যের দামও কমে আসবে।


সবজির বাজারে কিছুটা বৈচিত্র্য ও স্বস্তি ফিরলেও রাজধানীর পোল্ট্রি বাজারে তার কোনো প্রভাব পড়েনি। আগের চড়া দামেই বিক্রি হচ্ছে ডিম ও মুরগি। বিক্রেতারা বলছেন, শীতকালে লোকসানের আশঙ্কায় অনেক খামারি উৎপাদন কমিয়ে দেন। ফলে বাজারে সরবরাহের ওপর প্রভাব পড়ে।


বর্তমানে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। সাদা ডিমের দাম প্রতি ডজন ১৩০ থেকে ১৩৫ টাকা। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে গরুর মাংসের কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা।


মাছের বাজারেও ক্রেতাদের জন্য স্বস্তির খবর নেই। প্রতি কেজি রুই মাছ ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।


এ ছাড়া প্রতি কেজি কাতলা মাছ ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে।


অন্যদিকে ইলিশ এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বাজারে প্রতি কেজি ইলিশের দাম ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত। বড় আকারের ইলিশের দাম উঠেছে ২ হাজার ৬০০ টাকারও বেশি।


সব মিলিয়ে শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও ডিম, মাছ ও মাংসের উচ্চমূল্য সাধারণ মানুষের দৈনন্দিন বাজার খরচের ওপর বাড়তি চাপ তৈরি করছে।