শ্রমিক অসন্তোষে কাজে যোগ না দিলে রোববার থেকে কারখানা বন্ধ করতে পারবেন মালিকেরা
শ্রমিক অসন্তোষের কারণে শ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামী রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ ঘোষণা করতে পারবেন মালিকেরা। পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এ তথ্য জানিয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) এক যৌথ সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এ কথা বলেন। সংবাদ সম্মেলনের আগে দুই সংগঠনের নেতারা একটি বৈঠকে অংশ নেন।
বিজিএমইএ সভাপতি জানান, শনিবার মোট ১৪৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। এর মধ্যে ৫৫টি কারখানা আগে থেকেই শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রয়েছে। বাকি ৯২টি কারখানা চালু রাখার চেষ্টা করা হলেও উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হয়নি। এসব কারখানার মালিকেরা চাইলে রোববার থেকে একই ধারায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবেন।
মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের জরুরি মতবিনিময় সভায় অংশ নেওয়া প্রায় সবাই মত দিয়েছেন, কারখানাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে মজুরি বোর্ডে আলোচনা করার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
তিনি বলেন, সামগ্রিক নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ বজায় না থাকায় সংশ্লিষ্ট এলাকার কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না। সার্বিক পরিস্থিতি ও শিল্পের সুরক্ষার বিষয় বিবেচনায় নিয়ে মালিকেরা কারখানা বন্ধের কঠিন অথচ অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
কারখানা বন্ধের সিদ্ধান্তের ব্যাখ্যায় বিজিএমইএ সভাপতি বলেন, কোনো বাণিজ্য সংগঠন চাইলেই কারখানা বন্ধ করতে পারে না। সংশ্লিষ্ট কারখানার মালিকেরাই বিদ্যমান পরিস্থিতিতে উৎপাদন চালাতে না পেরে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।
তিনি আরও বলেন, বিজিএমইএ ও সরকারের অনুরোধে গত প্রায় ১২ থেকে ১৪ দিন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মালিকেরা সর্বোচ্চ চেষ্টা করে কারখানা চালু রেখেছেন। কিন্তু এরপরও উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব না হওয়ায় তাঁরা কারখানা বন্ধের সিদ্ধান্ত নিচ্ছেন।
উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলোতে আনুমানিক তিন লাখ শ্রমিক কাজ করেন বলে জানান মাহমুদ হাসান খান। প্রতিটি কারখানায় গড়ে দুই হাজার শ্রমিক ধরে এ হিসাব করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।