মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › অর্থনীতিকে আইসিইউতে রেখে পালিয়েছে পতিত সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতিকে আইসিইউতে রেখে পালিয়েছে পতিত সরকার: অর্থ উপদেষ্টা

favicon
ভোরের আলো ডেস্ক:
অর্থনীতিকে আইসিইউতে রেখে পালিয়েছে পতিত সরকার: অর্থ উপদেষ্টা

পতিত সরকার দেশের অর্থনীতিকে চরম সংকটের মধ্যে রেখে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, বর্তমান সরকার ভঙ্গুর ব্যাংক খাত, দুর্বল রাজস্ব ব্যবস্থা এবং বিপুল ঋণের বোঝা উত্তরাধিকার হিসেবে পেয়েছে। শুধু ব্যাংক খাত পুনরুদ্ধার করতেই প্রায় ৪০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।


মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


অর্থনীতির সার্বিক পরিস্থিতি তুলে ধরে উপদেষ্টা জানান, আগে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ১১ শতাংশ দেখানো হলেও ফরেনসিক অডিটে প্রকৃত হার পাওয়া গেছে ৩৫ দশমিক ৭২ শতাংশ। এতে ব্যাংক খাতের সংকটের প্রকৃত চিত্র আগের ধারণার চেয়ে অনেক বেশি গুরুতর বলে উঠে এসেছে।


তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি অর্থনীতি পেয়েছে, যার প্রায় সব খাতই বিপর্যস্ত। ব্যাংক খাত পুনরুদ্ধারে প্রায় ৪০ বিলিয়ন ডলার প্রয়োজন। তাঁর ভাষায়, আগের সরকার অর্থনীতিকে আইসিইউতে রেখে চলে গেছে।


ঋণের বোঝা বেড়েছে ৩২৩ শতাংশ


দেশের ঋণ পরিস্থিতি তুলে ধরে তিতুমীর জানান, ২০০৯ সালের পর থেকে দেশের ঋণের পরিমাণ ৩২৩ শতাংশ বেড়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জুন নাগাদ সরকারি ঋণ ও সরকারের গ্যারান্টিযুক্ত ঋণের পরিমাণ দাঁড়াবে প্রায় ৯০ বিলিয়ন ডলার। বেসরকারি খাতের ঋণসহ মোট ঋণের পরিমাণ প্রায় ১১৪ বিলিয়ন ডলার।


তিনি আরও জানান, ঋণের সুদ ও আসল পরিশোধে ইতোমধ্যে ৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। ২০৩০ সাল নাগাদ এ ব্যয় বেড়ে ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এতে সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।


জিডিপির তুলনায় রাজস্ব আদায় মাত্র ৬.৬৭ শতাংশ


দেশের রাজস্ব আহরণ পরিস্থিতিকে অর্থনীতির অন্যতম বড় দুর্বলতা হিসেবে উল্লেখ করেন উপদেষ্টা। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, জিডিপির অনুপাতে অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহের হার মাত্র ৬ দশমিক ৬৭ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন পর্যায়ের মধ্যে রয়েছে।


রাজস্ব আদায় বাড়াতে আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন করের জন্য পৃথক তিনটি টাস্কফোর্স গঠন করেছে সরকার। তিতুমীর জানান, ২০২৩-২৪ থেকে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৫ শতাংশ। বর্তমান সরকারের উদ্যোগে তা বেড়ে ১২ দশমিক ০৩ শতাংশে দাঁড়িয়েছে। গত অর্থবছরের শেষ দিকে দেশের কাস্টমস হাউসগুলোতে ইতিহাসের সর্বোচ্চ শুল্ক আদায় হয়েছে বলেও দাবি করেন তিনি।


তবে চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায়ে প্রায় ৫০ হাজার কোটি টাকার ঘাটতি এবং ব্যবসায়ীদের প্রায় ১৮ হাজার কোটি টাকার ভ্যাট ফেরত আটকে থাকার বিষয়টিও আলোচনায় উঠে আসে।


২০৩০ সালের মধ্যে রাজস্ব আদায়ের লক্ষ্য ১০ শতাংশ


রাজস্ব ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ২০৩০ সালের মধ্যে জিডিপির অনুপাতে রাজস্ব আহরণের হার ১০ শতাংশে উন্নীত করতে চায় সরকার।


এ লক্ষ্যে রাজস্ব আহরণ বিভাগ ও রাজস্ব নীতি বিভাগ নামে দুটি পৃথক বিভাগ গঠনের প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে কর আদায় এবং করনীতি প্রণয়নের দায়িত্ব আলাদা করা সম্ভব হবে।


এনবিআরের তথ্য ব্যবস্থাপনায় সীমাবদ্ধতার কারণে রাজস্ব আদায়ের তথ্য প্রকাশে বিলম্ব হচ্ছে উল্লেখ করে তিনি জানান, আগামী ডিসেম্বর থেকে নিয়মিতভাবে এসব তথ্য প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।


বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা


অর্থনীতিতে গতি ফেরাতে বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির অনুপাতে বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।


মধ্যপ্রাচ্যের চলমান সংকট দেশের অর্থনীতিতে নতুন চাপ তৈরি করলেও সরকার সংস্কার কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে বলে জানান তিতুমীর। এ বিষয়ে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বিভিন্ন উন্নয়ন সহযোগীর সঙ্গে আলোচনা চলছে। তবে সংস্কারের উদ্যোগ কোনো বাহ্যিক চাপের কারণে নয়, বরং সরকারের নিজস্ব রাজনৈতিক অঙ্গীকার থেকেই নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।