কমেছে সোনার দাম, আজ যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি
টানা তিন দফা বাড়ার পর দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, আজ শনিবারও আগের দিনের দামেই বিক্রি হচ্ছে সোনা।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।
শুক্রবার (৬ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এর আগে টানা তিন দফা সোনার দাম বাড়ানো হয়েছিল।
সর্বশেষ গত ৫ নভেম্বর সকালে সোনার দাম সমন্বয় করে বাজুস। সেদিন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এর আগে গত ৪ নভেম্বর দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানো হয়। আর ২ নভেম্বর সকালে ভরিতে দাম বাড়ানো হয়েছিল ৩ হাজার ২৬৬ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।