জুনের তুলনায় বাংলা কিউআরে লেনদেন বেড়েছে চার গুণ
দেশে বাংলা কিউআর কোডের মাধ্যমে আর্থিক লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি বছরের জুন মাসের তুলনায় বর্তমানে এই মাধ্যমে লেনদেন চার গুণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে সেবার পরিধি বাড়াতে গত ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপ) লেনদেন সুবিধা চালু করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর বনানী ও গুলশানে রবি আজিয়াটা পিএলসি এবং অন্যান্য খুচরা বিক্রয় নেটওয়ার্কে বাংলা কিউআর সেবার উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ হাবিবুর রহমান।
তিনি বলেন, গত জুন মাসে বাংলা কিউআর কোডের মাধ্যমে প্রতিদিন গড়ে ৪০ কোটি টাকার লেনদেন হতো। বর্তমানে সেই পরিমাণ বেড়ে চার গুণ হয়েছে। অর্থাৎ এখন দৈনিক প্রায় ১৬০ কোটি টাকার লেনদেন হচ্ছে এই ব্যবস্থায়।
ডেপুটি গভর্নর বলেন, দেশে ক্যাশলেস লেনদেনকে জনপ্রিয় করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে দেশজুড়ে খুচরা বিক্রয়কেন্দ্র ও রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর সেবা সম্প্রসারণ করা হচ্ছে।
তবে প্রান্তিক পর্যায়ে এই সেবা পৌঁছে দিতে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এসব সমস্যা কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলেও জানান তিনি।
মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বাংলা কিউআর সেবার বিস্তারে ব্যাংক, রিটেইল নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন। আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, নতুন পিটুপ সেবা চালুর ফলে ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে কিউআর কোড ব্যবহার করে লেনদেনের সুযোগ তৈরি হয়েছে। এতে ডিজিটাল লেনদেনের পরিধি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।