মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

favicon
ভোরের আলো ডেস্ক:
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমে আসায় বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন দেখা দিয়েছে। আগের কার্যদিবসে ১ শতাংশের বেশি দাম বাড়ার পর মঙ্গলবার (১০ নভেম্বর) বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় মূল্যবান এই ধাতুর দাম কমেছে।


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৮ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১১৫ ডলার ১২ সেন্টে দাঁড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দর ০ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৩ ডলার ৯০ সেন্ট হয়েছে।


বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে আগের কার্যদিবসে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। সেই উচ্চ অবস্থান থেকে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় দাম কিছুটা কমেছে।


তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের সংঘাত যাতে নতুন করে বিস্তৃত না হয়, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অব্যাহত থাকলে এবং এর প্রভাবে জ্বালানি তেলের দাম কমতে থাকলে স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ, তেলের দামের ওঠানামা ডলারের মূল্য, মূল্যস্ফীতি এবং সুদহারের প্রত্যাশাকে প্রভাবিত করে।


সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আপাতত ইরানের ওপর নতুন করে সামরিক হামলার পরিকল্পনা স্থগিত রাখছেন তিনি। কাতারের প্রধানমন্ত্রীসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতারা তাকে এ বিষয়ে অনুরোধ জানিয়েছেন। এ ঘোষণার পর মঙ্গলবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও কমেছে।


অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের রিচমন্ড শাখার প্রেসিডেন্ট টম বারকিন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি নির্ধারণের ক্ষেত্রে সতর্ক থাকার ওপর গুরুত্ব দিয়েছেন। ডিসেম্বরের বৈঠকে সুদহার নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো পূর্বাভাস দেননি।


সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের বৈঠকে ফেড সুদহার বাড়াতে পারে বলে ধারণা করছেন ৮৪ শতাংশ বিনিয়োগকারী। সুদহার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদ ধরে রাখার সুযোগব্যয় বৃদ্ধি পায়। ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে যাওয়ার আশঙ্কা থাকে।


এদিকে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিসংখ্যানের দিকে। মঙ্গলবার দেশটির ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রকাশের কথা রয়েছে। এরপর শুক্রবার প্রকাশ করা হবে উৎপাদক মূল্যসূচক (পিপিআই)।


স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। মঙ্গলবার স্পট মার্কেটে রুপার দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩ ডলার ৪ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৫৭১ ডলার ৭০ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৭ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে।