১ ডিসেম্বর থেকেই বাড়তি বেতন পাবেন পোশাক শ্রমিকরা: মজুরি বোর্ডের চেয়ারম্যান
পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণার তারিখ যেদিনই নির্ধারণ করা হোক না কেন, আগামী ১ ডিসেম্বর থেকেই বর্ধিত বেতন কার্যকর হবে। এমনটাই জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। পোশাকশিল্পকে কেন্দ্র করে চলমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সৈয়দ আজাদ সুবহানী বলেন, আইন অনুযায়ী মজুরি বোর্ড গঠনের পর নতুন মজুরি নির্ধারণের জন্য ছয় মাস সময় দেওয়া হয়। তবে পোশাক খাতের চলমান বিশৃঙ্খলার কারণে দেশের স্থিতিশীলতা যেন বিঘ্নিত না হয়, তা বিবেচনায় নিয়ে দ্রুত নতুন মজুরি নির্ধারণ করতে চায় বোর্ড।
তিনি জানান, মজুরি বোর্ডের তৃতীয় সভার আগে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে সরেজমিনে পোশাক শ্রমিকদের জীবনযাত্রার পরিস্থিতি পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হচ্ছে। নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে মালিক ও শ্রমিক—উভয় পক্ষের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে অবিশ্বাস তৈরি হওয়ার বিষয়টিও তুলে ধরেন চেয়ারম্যান।
তিনি বলেন, মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বোর্ডের একজন সদস্য অসুস্থ থাকায় সভাটি সাত দিন পিছিয়ে দেওয়া হয়েছে। সভা স্থগিতের পেছনে অন্য কোনো কারণ বা চাপ নেই বলেও স্পষ্ট করেন তিনি।