পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির
বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫০০ টাকা থেকে ২৪ হাজার টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, শ্রমিকদের জন্য মজুরি নির্ধারণের ক্ষেত্রে চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত জীবনধারণের উপযোগী আয় নিশ্চিত করা।
বুধবার (১৮ নভেম্বর) সকালে সিপিডির কার্যালয়ে পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পর্যালোচনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চার সদস্যের একটি পরিবারের ব্যয়ের হিসাব ও বিদ্যমান তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দেখা গেছে, ২০২৩ সালে নির্ধারিত সাড়ে ১২ হাজার টাকা দিয়ে যে জীবনযাপন করা সম্ভব ছিল, বর্তমানে সেই একই অবস্থায় টিকে থাকতে প্রয়োজন ১৬ হাজার ৩০০ টাকা।
সিপিডির হিসাব অনুযায়ী, শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়া থেকে বাঁচতে একজন উপার্জনকারী শ্রমিকের মাসিক ন্যূনতম আয় হওয়া প্রয়োজন ১৮ হাজার ৫০০ টাকা। অন্যদিকে, মৌলিক খরচ মিটিয়ে সম্মানজনক জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার টাকার বেশি।
ড. নাজনীন আহমেদ বলেন, মজুরি নির্ধারণ এখন দর-কষাকষির বিষয়ে পরিণত হয়েছে। পর্যাপ্ত তথ্য-উপাত্তের অভাবে মালিক ও শ্রমিক উভয় পক্ষের মধ্যেই অসন্তোষ থেকে যাচ্ছে।
তিনি বলেন, মজুরি নির্ধারণের অন্তত ছয় মাস আগে মজুরি বোর্ড গঠন করা উচিত। মূল্যস্ফীতি, শিল্পাঞ্চলে জীবনযাত্রার ব্যয়, শ্রমিকদের আর্থসামাজিক অবস্থা, কাজের ধরন এবং উৎপাদনশীলতার মতো বিষয় বিবেচনায় নিয়ে তথ্য-উপাত্তের ভিত্তিতে মজুরি নির্ধারণ করা প্রয়োজন।