কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর, অগ্নিসংযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী শাখায়ও হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং কাগজপত্রে আগুন দেওয়া হয়। এ ঘটনায় পুলিশের এক পরিদর্শকসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড ও ঘোনাপাড়াসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
এ সময় পুলিশের পরিদর্শক আবু আলমকে কুপিয়ে জখম করা হয়। এ ছাড়া কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনার সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।