দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলেছে। গত সেপ্টেম্বর শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকারও বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নানা ধরনের সুবিধা দেওয়ার পরও খেলাপি ঋণ আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ফলে ব্যাংক খাত ক্রমেই খেলাপি ঋণের চাপে জর্জরিত হয়ে পড়ছে।
বিশ্লেষকদের মতে, খেলাপি ঋণ বৃদ্ধির পেছনে দুর্বল ঋণ যাচাই-বাছাই ও তদারকি, প্রভাবশালীদের চাপে ঋণ বিতরণ, তহবিল তছরুপ এবং ধীরগতির আইনি প্রক্রিয়া অন্যতম কারণ।
খেলাপি ঋণের পরিমাণ বাড়তে থাকায় ব্যাংক খাতে তারল্য সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে ঋণের সুদহারও বেড়েছে।
এ পরিস্থিতিতে নতুন ঋণ বিতরণের ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছেন ব্যাংকাররা। ফলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমছে, যা ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রমে প্রভাব ফেলছে।