মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

favicon
ভোরের আলো ডেস্ক:
টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন দেশের ব্যাংক ও শেয়ারবাজারে নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। ২০, ২১ ও ২২ অক্টোবর দুর্গাপূজার সরকারি ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এ বিরতি তৈরি হয়েছে।


রোববার (১১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটিসংক্রান্ত প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে নির্দেশনা জারি করে। তবে সাপ্তাহিক ছুটির দিন ১৭ অক্টোবর (শনিবার) ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন স্বাভাবিক কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম চলবে।


ব্যাংক বন্ধ থাকায় একই সময়ে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন সম্পৃক্ত থাকায় এ সিদ্ধান্ত কার্যকর হবে।


এদিকে দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বন্দর ও কাস্টমস এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখতে হবে।


এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


উল্লেখ্য, গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।