শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › শিশু হাসপাতালে কক্ষে ধূমপান ও অপরিচ্ছন্ন পরিবেশ, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান ও অপরিচ্ছন্ন পরিবেশ, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
শিশু হাসপাতালে কক্ষে ধূমপান ও অপরিচ্ছন্ন পরিবেশ, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনে গিয়ে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে চিকিৎসকের কক্ষ অপরিচ্ছন্ন দেখতে পেয়ে তাঁকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।


শনিবার (১৭ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী হাসপাতালটি পরিদর্শনে যান। এ সময় তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশসহ হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।


পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে যান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে ধূমপান করতে দেখেন তিনি। এ সময় চিকিৎসকের কক্ষটিও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এমন আচরণ ও পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।


পরে প্রধানমন্ত্রী হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।


এ সময় হাসপাতালে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।