টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে ভারতের মুম্বাইয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে তাঁর গাড়িচালক ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
রোববার (১৮ অক্টোবর) মুম্বাইয়ের পশ্চিম শহরতলির জুহু থানার পুষ্পা পার্কের কাছে এ ঘটনা ঘটে। *টাইমস অব ইন্ডিয়া*র প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনায় টাইগার শ্রফ নিরাপদ রয়েছেন। তাঁর গাড়িচালক ফিরদৌসের বাঁ হাতে আঘাত লেগেছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, টাইগার শ্রফ ও তাঁর গাড়িচালককে ভিলে পার্লের নানাবতী হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকদের বরাতে জানানো হয়, অভিনেতার শরীরে সামান্য ছড়ে যাওয়ার আঘাত থাকলেও তিনি গুলিবিদ্ধ হননি। অন্যদিকে, বুকে গুলিবিদ্ধ অবস্থায় তৃতীয় এক ব্যক্তিকে কুপার হাসপাতালে নেওয়া হয়।
এদিকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দেওয়া অনিল পণ্ডিত ও হারমান সান্ধু হামলার দায় স্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অনিল পণ্ডিতের নামে একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়, টাইগার শ্রফকে আগে ফোন করে সতর্ক করার চেষ্টা করা হয়েছিল। তবে তিনি সেই কথা শোনেননি বলে পোস্টে উল্লেখ করা হয়।
ওই পোস্টে আরও হুমকি দিয়ে বলা হয়, মুম্বাইয়ের চলচ্চিত্রশিল্পের কেউ তাঁদের কথা না শুনলে কিংবা সালমান খানের সঙ্গে কাজ করলে পরবর্তী লক্ষ্য হতে পারেন। তবে পোস্টে করা দাবিগুলোর সত্যতা এবং হামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসূত্র স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।
পুলিশ ঘটনার তদন্ত করছে। গুলিবর্ষণের পেছনের উদ্দেশ্য এবং হামলায় কারা জড়িত, তা নির্ধারণে প্রমাণ যাচাই করা হচ্ছে।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে মুম্বাইয়ের জুহুতে চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির বাসভবনের বাইরে পাঁচ রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে। ওই ঘটনার দায়ও লরেন্স বিষ্ণোই গ্যাং স্বীকার করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ২০২৪ সালের এপ্রিলে বান্দ্রায় অভিনেতা সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পাঁচ রাউন্ড গুলি চালায়। ওই ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।