শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › ৭৫ বছর বয়সে মারা গেলেন বলিউড অভিনেতা নানা পাটেকর

৭৫ বছর বয়সে মারা গেলেন বলিউড অভিনেতা নানা পাটেকর

favicon
ভোরের আলো ডেস্ক:
৭৫ বছর বয়সে মারা গেলেন বলিউড অভিনেতা নানা পাটেকর

প্রবীণ বলিউড অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। 


হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভোরে বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকরকে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে কোনো সাড়া না পাওয়ায় সকাল ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। 


নানা পাটেকরের ছেলে মালহার পাটেকর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বাবার মৃত্যুর সময় তিনি পুনেতে ছিলেন বলে জানা গেছে।


১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম নেওয়া নানা পাটেকর থিয়েটারের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। পরবর্তী সময়ে শক্তিশালী অভিনয়, স্বতন্ত্র সংলাপ পরিবেশন এবং জটিল চরিত্র ফুটিয়ে তোলার দক্ষতায় তিনি ভারতীয় চলচ্চিত্রে আলাদা অবস্থান তৈরি করেন।


‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অব তাক ছাপ্পান’, ‘অপরহণ’, ‘রাজনীতি’, ‘ওয়েলকাম’ ও ‘নটসম্রাট’-এর মতো সিনেমায় তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়। বিশেষ করে ‘ওয়েলকাম’ সিনেমায় উদয় শেট্টি চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে নতুন করে জনপ্রিয়তা অর্জন করেন।


অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ ও সমাজসেবাতেও যুক্ত ছিলেন নানা পাটেকর। কৃষক ও কৃষিনির্ভর সংকটে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় তার বিভিন্ন উদ্যোগ বিশেষভাবে পরিচিত ছিল।


প্রায় পাঁচ দশকের দীর্ঘ অভিনয়জীবনে নানা পাটেকর একাধিক জাতীয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।