‘যারা টিআরপির জন্য কাজ করেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দেন’
ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে নানা আলোচনা-সমালোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জনের মধ্যে ফেসবুকে নিজের অবস্থান তুলে ধরেছেন ঢাকাই সিনেমার অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। তাঁকে নিয়ে ইতিবাচক পোস্ট ও দোয়া করায় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। একই সঙ্গে টিআরপির জন্য তাঁকে নিয়ে যারা সামাজিক মাধ্যমে কাজ করেছেন, তাঁদের উদ্দেশেও বার্তা দিয়েছেন এই অভিনেতা।
শনিবার (১৪ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন অনন্ত জলিল।
পোস্টের শুরুতে পবিত্র কোরআনের দুটি বাণী উল্লেখ করেন তিনি। এর একটি সুরা ফাতিহার আয়াত ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাসতা’ঈন’, যার অর্থ—আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করি। অন্যটি ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর জন্য দোয়া করা, ইতিবাচক পোস্ট দেওয়া এবং ভিডিও প্রকাশকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনন্ত জলিল।
তিনি লেখেন, যারা সামাজিক মাধ্যমে তাঁর জন্য দোয়া করেছেন এবং ইতিবাচক পোস্ট ও ভিডিও প্রকাশ করেছেন, তাঁদের প্রতি তাঁর কৃতজ্ঞতা ও ভালোবাসা রয়েছে।
অন্যদিকে, তাঁকে নিয়ে টিআরপির উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে যারা কাজ করেছেন, তাঁদের উদ্দেশে অনন্ত জলিল লেখেন, ‘আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি- যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন। আমিন।’
প্রসঙ্গত, চলচ্চিত্রের বাইরেও ব্যবসায়ী পরিচয়ের কারণে সম্প্রতি আলোচনায় রয়েছেন অনন্ত জলিল। তাঁর মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আইনি নোটিশ পাঠানোর খবর প্রকাশিত হয়েছে। পাশাপাশি কারখানা বন্ধের গুঞ্জন ও শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
এমন পরিস্থিতির মধ্যেই নিজের ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানালেন এই অভিনেতা।