রহস্য, রাজনীতি ও সুন্দরবনের অজানা গল্প নিয়ে ফিরছে ‘ফেউ’
সুন্দরবনের গভীরের রহস্য, রাজনীতি, সংঘাত ও সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রাম নিয়ে আবারও পর্দায় ফিরছে আলোচিত ওয়েব সিরিজ ‘ফেউ’। এবার পূর্ণাঙ্গ গল্প নিয়ে আসছে সিরিজটির নতুন সংস্করণ ‘ফেউ কমপ্লিট সাগা’। আগামী ১২ নভেম্বর দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে নয় পর্বের এই সিরিজ।
মরিচঝাঁপিতে ঘটে যাওয়া ঐতিহাসিক ও মর্মান্তিক গণহত্যার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হলেও এর গল্প কাল্পনিক। এতে বাংলাদেশের মানুষের বীরত্ব, সংগ্রাম এবং সুন্দরবনকেন্দ্রিক জনপদের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরা হয়েছে। সিরিজটি নির্মাণ করেছেন সুকর্ণ শাহেদ ধীমান।
বুধবার (৪ নভেম্বর) প্রকাশ করা হয়েছে ‘ফেউ কমপ্লিট সাগা’র টিজার। রহস্যময় সংলাপ ও দৃশ্যের মাধ্যমে দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে এটি। টিজারে শোনা যায়, ‘আমি তোমাকে আগেই বলেছিলাম, জঙ্গলের নিজস্ব নিয়ম-আইন রয়েছে। সেই নিয়ম ভাঙলে তার পরিণতি ভোগ করতে হয়।’
সুকর্ণ শাহেদ ধীমান ও রোমেল রহমানের লেখা গল্প অবলম্বনে সিরিজটির চিত্রনাট্য তৈরি করেছেন সুকর্ণ শাহেদ ধীমান ও সিদ্দিক আহমেদ। ইতিহাস, স্থানীয় মানুষের জীবনযাপন, অধিকার আদায়ের লড়াই এবং স্থানীয় ও আন্তর্জাতিক রাজনীতির নানা সমীকরণ নিয়ে এগিয়েছে এর কাহিনি।
প্রথম সিজন শেষ হওয়ার পর দর্শকদের মনে বেশ কিছু প্রশ্নের জন্ম হয়েছিল। সুনীল কি বেঁচে আছেন, নাকি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন? সুন্দরবনের মৌয়াল থেকে জলদস্যু বাহিনীর সর্দার হয়ে ওঠা মার্শাল কি শেষ পর্যন্ত নিজের অধিকার আদায় করতে পারবেন? ‘ডুমুরঝাঁপি’র বাসিন্দারাই বা কোথায় খুঁজে পাবেন নিরাপদ আশ্রয়?
নতুন সংস্করণে এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্মাতা। পাশাপাশি একটি নির্দিষ্ট জনপদের ভূরাজনীতি, রাজনৈতিক পরিচয় এবং সাধারণ মানুষের অস্তিত্ব রক্ষার সংগ্রামের অজানা দিকও উঠে আসবে এতে।
তবে ‘ফেউ কমপ্লিট সাগা’কে সরাসরি দ্বিতীয় সিজন বলা হচ্ছে না। নির্মাতার ব্যাখ্যা অনুযায়ী, প্রথম সিজনের নির্বাচিত কিছু অংশের সঙ্গে বাকি গল্প যুক্ত করে তৈরি করা হয়েছে এই পূর্ণাঙ্গ সংস্করণ। আগের পর্বে ইতিহাস, জনপদের সংকট ও রাজনৈতিক বাস্তবতা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছিল। এবার সেই গল্পগুলো একটি পরিণতির দিকে এগিয়ে যাবে।
ড্যানিয়েলের বাবার সন্ধানের পরিণতি থেকে শুরু করে মার্শালের রাজনৈতিক পরিচয় এবং অধিকার আদায়ের সংগ্রামের শেষ অধ্যায়—সবকিছুই থাকছে নতুন সংস্করণে।
আগামী ১১ নভেম্বর দিবাগত রাত ১২টায়, অর্থাৎ ১২ নভেম্বরের শুরুতেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে নয় পর্বের সিরিজটি।
এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তানভীর অপূর্ব, হোসাইন জীবন, তাহমিনা অথৈ, রিজভি রিজু, ফাদার জোয়া, বাবলু বোস, এ কে আজাদ সেতু, আনোয়ার হোসেন, রন্তিক দীপু, আমিরুল ইসলাম ও আবিদ মল্লিক। এ ছাড়া খুলনা, বাগেরহাট ও বটিয়াঘাটার শতাধিক স্থানীয় শিল্পীও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।