রবিবার , ০১ নভেম্বর ২০২৬
রবিবার , ০১ নভেম্বর ২০২৬
হোম › বিনোদন › কেদারনাথ মন্দিরে প্রার্থনা, সারা আলি খানকে ক্ষমা চাইতে বললেন ধর্মীয় নেতা

কেদারনাথ মন্দিরে প্রার্থনা, সারা আলি খানকে ক্ষমা চাইতে বললেন ধর্মীয় নেতা

favicon
ভোরের আলো ডেস্ক:
কেদারনাথ মন্দিরে প্রার্থনা, সারা আলি খানকে ক্ষমা চাইতে বললেন ধর্মীয় নেতা

ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে গিয়ে প্রার্থনা করায় বলিউড অভিনেত্রী সারা আলি খানকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করার পরামর্শ দিয়েছেন উত্তর প্রদেশের বেরেলির এক ধর্মীয় নেতা। তার দাবি, ইসলামী শরিয়াহ অনুযায়ী অন্য ধর্মের উপাসনালয়ে গিয়ে প্রার্থনা করা কিংবা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়া ‘নাজায়েজ’ ও ‘হারাম’। এ ঘটনাকে কেন্দ্র করে অভিনেত্রীর বিরুদ্ধে ফতোয়াও জারি করেছেন তিনি।


‘দ্য স্টেটসম্যান’-এর প্রতিবেদন অনুযায়ী, অল ইন্ডিয়া মুসলিম জামাতের জাতীয় সভাপতি মাওলানা মুফতি শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সারা আলি খানের কেদারনাথ মন্দিরে যাওয়া নিয়ে আপত্তি জানিয়েছেন। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এ বিষয়ে অনেক তরুণ মুসলিম তার কাছে জানতে চেয়েছেন।


মাওলানার বক্তব্য, ইসলামী শরিয়াহ অনুযায়ী কোনো মুসলিম নারী বা পুরুষের অন্য ধর্মের উপাসনালয়ে গিয়ে প্রার্থনা করা কিংবা সেখানকার ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি নেই। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড ‘নাজায়েজ’।


তিনি আরও বলেন, সারা আলি খান যদি স্বেচ্ছায় কেদারনাথ মন্দিরে গিয়ে প্রার্থনা করে থাকেন এবং আশীর্বাদ চেয়ে থাকেন, তাহলে সেটি পাপের কাজ। এ জন্য অভিনেত্রীকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং তওবা করতে হবে।


কেদারনাথের সঙ্গে সারার পুরোনো সম্পর্ক


কেদারনাথ মন্দিরের সঙ্গে সারা আলি খানের সম্পর্ক বেশ পুরোনো। অভিনেতা সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা দীর্ঘদিন ধরেই হিমালয়ের এই তীর্থস্থানে যাতায়াত করেন।


২০১৮ সালে অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সারার। ছবিতে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১৩ সালে উত্তরাখণ্ডে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার পটভূমিতে নির্মিত হয়েছিল সিনেমাটি।


এরপর বিভিন্ন সময়ে কেদারনাথ মন্দিরে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী। সাম্প্রতিক তীর্থযাত্রার সময়ও তাকে মন্দিরে পূজা ও আরতিতে অংশ নিতে দেখা গেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। এ ছাড়া কেদারনাথের কাছাকাছি অবস্থিত ভুকুন্ত ভৈরব মন্দিরেও গিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন তিনি।


সারার মন্দিরে যাওয়া ও প্রার্থনাকে কেন্দ্র করে ধর্মীয় নেতার এমন মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত অভিনেত্রীর কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।