মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › একজনের দীর্ঘদিনের সম্মান ও ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা কেন? প্রশ্ন তিশার

একজনের দীর্ঘদিনের সম্মান ও ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা কেন? প্রশ্ন তিশার

favicon
ভোরের আলো ডেস্ক:
একজনের দীর্ঘদিনের সম্মান ও ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা কেন? প্রশ্ন তিশার

৭৫ হাজার টাকার শাড়িকাণ্ড ঘিরে করা মামলা প্রত্যাহারে হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। এ মামলায় আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।


সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি করেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। বাদীর জবানবন্দি রেকর্ড করার পর আদালত তানজিন তিশাকে নির্ধারিত তারিখে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন।


মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় করা ওই মামলা প্রত্যাহার করতে বিভিন্ন সময়ে তানজিন তিশা তাঁকে হুমকি দিয়েছেন এবং ক্ষতি করার ভয় দেখিয়েছেন বলে অভিযোগ করেছেন বাদী।


এদিকে, মামলা ও চলমান বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলেছেন তানজিন তিশা। সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী।


স্ট্যাটাসে তিশা প্রশ্ন তোলেন, একজন মানুষের দীর্ঘদিনের সম্মান, ক্যারিয়ার ও অর্জন ধ্বংস করার এমন চেষ্টা কেন করা হচ্ছে এবং এর পেছনে কারা রয়েছেন।


তিনি লেখেন, ‘এত বড় একটা পরিকল্পনা? একজন মানুষের এত বছরের সম্মান, ক্যারিয়ার আর অর্জন ধ্বংস করে দেওয়ার এমন বিশাল ঘৃণ্য প্রচেষ্টা? কেন? কিসের জন্য? আর এর পেছনে কারা? এ দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে এত ঘৃণা কেন?’


নিজের বক্তব্যে তিশা আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট একজনকে মামলা হওয়ার আগে তিনি দেখেনওনি। একটি বক্তব্যের রেকর্ড থেকে নিজেদের সুবিধামতো অংশ কেটে মূল কথার অর্থ বদলে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, এভাবে বক্তব্যের অংশবিশেষ ব্যবহার করে সম্পূর্ণ ভিন্ন একটি গল্প সাজিয়ে উপস্থাপন করা হয়েছে।


তবে অভিনেত্রীর এসব অভিযোগের বিষয়ে মামলার বাদীর বক্তব্য জানা যায়নি। মামলার অভিযোগ ও তানজিন তিশার বক্তব্য ঘিরে বিষয়টি নিয়ে বিনোদন অঙ্গনে আলোচনা চলছে।