যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট, গাইবে নগরবাউলসহ ৫ ব্যান্ড
রাজধানীর যমুনা ফিউচার পার্কে আজ শুক্রবার গান শোনাবেন দেশের ব্যান্ড সংগীতের জনপ্রিয় তারকা মাহফুজ আনাম জেমস। শপিং কমপ্লেক্সটির কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক এন রিদম ৫.০ : নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট। এতে নিজ দল নগরবাউল নিয়ে মঞ্চ মাতাবেন তিনি।
কনসার্টে অংশ নেওয়া প্রসঙ্গে জেমস বলেন, ‘দেশে অনেকদিন পর টিকিট কনসার্ট করছি। আশা করি শ্রোতা-দর্শক নতুন কিছু শুনতে ও দেখতে পাবেন।’
আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, এই আয়োজনে নগরবাউল ও আর্ক ছাড়াও দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য সংগীত পরিবেশন করবে।
এ ছাড়া গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন। পাশাপাশি একক পরিবেশনাও করবেন তিনি।
কনসার্টে একে রাহুলও সংগীত পরিবেশন করবেন বলে জানা গেছে। জনপ্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনায় জমজমাট এই আয়োজন ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।