স্বামী নিক ও মেয়ে মালতীকে নিয়ে ঘরোয়া আয়োজনে দুর্গাপূজা প্রিয়াঙ্কার
পরিবারের সঙ্গে ঘরোয়া পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করেছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাস ও মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে পূজার নানা মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। ছবিগুলো প্রকাশ্যে আসার পর ভক্তদের নজর কেড়েছে পরিবারের উৎসবের সাজসজ্জা, বিশেষ করে ছোট্ট মালতীর মিষ্টি লুক।
বুধবার (২১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) ইনস্টাগ্রামে ছবিগুলো প্রকাশ করেন প্রিয়াঙ্কা।
প্রতিবেদন অনুযায়ী, ঘরোয়া এই আয়োজনে শিবলিঙ্গে অভিষেকের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ছবিগুলোর একটিতে নিক জোনাসকে মেয়ে মালতীর পা ধুয়ে দিতে দেখা যায়। এই দৃশ্য হিন্দুধর্মের কন্যাপূজার ঐতিহ্যবাহী রীতির কথা স্মরণ করিয়ে দিয়েছে।
ছবির সঙ্গে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘মা দুর্গার শক্তি, আমাদের প্রার্থনার পবিত্রতা এবং দশেরার চেতনা আজ, আগামীকাল ও সব সময় আমাদের সবার সঙ্গে থাকুক।’
উৎসব উপলক্ষে পোশাকেও মিল রেখেছিলেন প্রিয়াঙ্কা ও নিক। নিক পরেছিলেন সবুজ কুর্তা, আর প্রিয়াঙ্কাকে দেখা যায় সবুজ ঐতিহ্যবাহী পোশাকে। তবে পরিবারের ছোট্ট সদস্য মালতীই ছিল সবার বিশেষ আকর্ষণ। তার পরনে ছিল ছোট্ট ফ্রক, গলায় ‘জয় মাতা দি’ লেখা স্কার্ফ এবং হাতে মানানসই চুড়ি।
পরিবারের এই উৎসবমুখর মুহূর্তগুলো দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। একজন মন্তব্য করেছেন, প্রিয়াঙ্কার প্রভাবে নিক যেন পুরোপুরি দেশি হয়ে উঠেছেন। আরেকজন লিখেছেন, মালতী অনেক বড় হয়ে যাচ্ছে এবং পরিবার হিসেবে তারা অনুপ্রেরণাদায়ক।
এ ছাড়া মালতীর হাতের ছোট ছোট চুড়ি ও গলার স্কার্ফের প্রশংসাও করেছেন অনেকে। সব মিলিয়ে প্রিয়াঙ্কার পরিবারের দুর্গাপূজা উদযাপনের ছবিগুলো ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।