আসিফ আকবরকে লক্ষ্য করে গুলি, ‘তাদের টার্গেটটা মিস হয়ে গেছে
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হতে না পারলেও তাঁকেই লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করছেন এই সংগীতশিল্পী।
শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর।
ঘটনার পর পুলিশের সঙ্গে প্রয়োজনীয় কাজ শেষে বাসায় ফিরে বিশ্রাম নেন তিনি। পরে শনিবার বিকেলে সংবাদমাধ্যম কালের কণ্ঠের সঙ্গে কথা বলেন এই গায়ক।
নিজের শারীরিক অবস্থার বিষয়ে আসিফ আকবর বলেন, “আমি একদম সুস্থ আছি, ঠিক আছি। চিন্তার কোনো কারণ নেই। সকালবেলা পুলিশের সঙ্গে যাবতীয় কাজ শেষে বাসায় এসে ওষুধ নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম।”
তিনি আরও জানান, বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর বাসায় এসে কথা বলেছেন। তাঁরা ঘটনাটি তদন্ত করছেন।
ঘটনার সময় কোথায় ছিলেন, জানতে চাইলে আসিফ আকবর বলেন, “যখন ঘটনাটা ঘটে, আমি অফিসে ছিলাম। তখন সিসিটিভিতে দেখছিলাম, শুধু গুলির শব্দটা পাইনি। ঘড়িতে তখন ভোর ৪টা ৫২ কিংবা ৫৪ মিনিট হবে। সে সময় আমার গাড়িতে কেউই ছিল না।”
কাউকে সন্দেহ করছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি তো কাউকে সন্দেহ করতে পারছি না। বলতে পারছি না কারা এই কাজটা করেছে। যে বা যারা ঘটনাটা ঘটিয়েছে, তারা খুব ভালো করেই জানে আমি অফিসে কখন যাই এবং কখন অফিস থেকে বের হই।”
নিজের দৈনন্দিন সময়সূচির কথা উল্লেখ করে তিনি বলেন, “রাত ৮টা কিংবা সাড়ে ৮টায় আমি অফিসে ঢুকি এবং ফজরের নামাজের আগে কিংবা পরে অফিস থেকে বের হয়ে বাসায় যাই। তারা ওই সময়টাই টার্গেট করেছে, কিন্তু তাদের টার্গেটটা মিস হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ পরেই নিচে নামতাম।”
আসিফ আকবর জানান, ছেলের সঙ্গে কথা বলছিলেন বলে সেদিন অফিসে আরও কিছুক্ষণ অবস্থান করেছিলেন। এ সময় সিসিটিভি ক্যামেরায় তাঁর মতো দেখতে একজনকে হেঁটে যেতে দেখেন। তাঁর ধারণা, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে তাঁকে ভেবে গুলি ছুড়ে থাকতে পারে।
এদিকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মগবাজারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। বিশাল সেন্টারের সামনে পার্ক করা তাঁর গাড়ি লক্ষ্য করে ভোরে গুলি চালানো হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বিশাল সেন্টার মার্কেটের নিচের পার্কিং এলাকায় গাড়িটি রাখা ছিল। ভোর পৌনে ৫টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়েন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাতিরঝিল থানা-পুলিশ। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।