মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › রাশমিকাকে ঘিরে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্ক, ব্যঙ্গাত্মক ভিডিও শেয়ার বিজয়ের

রাশমিকাকে ঘিরে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্ক, ব্যঙ্গাত্মক ভিডিও শেয়ার বিজয়ের

favicon
ভোরের আলো ডেস্ক:
রাশমিকাকে ঘিরে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্ক, ব্যঙ্গাত্মক ভিডিও শেয়ার বিজয়ের

অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। এবার সেই সমালোচনাকে ব্যঙ্গ করে তৈরি একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তিনি। ভিডিওটিতে তার আচরণের নানা দিক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত বিশ্লেষণ ও সমালোচনার প্রবণতাকে বিদ্রূপ করা হয়েছে।


বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে ভক্তদের আগ্রহ দীর্ঘদিনের। তবে সম্প্রতি তাদের অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক ও পারস্পরিক আচরণ নিয়েও আলোচনা বেড়েছে। তাদের অভিনীত ‘রানাবালি’ সিনেমার প্রচারণায় বিভিন্ন সাক্ষাৎকার এবং করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে উপস্থিতির পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।


গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ের আচরণকে সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক সতর্কসংকেত বা ‘রেড ফ্ল্যাগ’ হিসেবে ব্যাখ্যা করে বিভিন্ন মন্তব্য ও বিশ্লেষণ ছড়িয়ে পড়ে। এসব সমালোচনার জবাবে সরাসরি কিছু না বলে ব্যঙ্গাত্মক ভিডিও শেয়ার করেছেন অভিনেতা।


কনটেন্ট নির্মাতা অনিরুদ্ধ নারায়ণমের তৈরি ‘দোজ ইনস্টা সাইকোলজিস্টস অ্যানালাইজিং দ্য শো!’ শিরোনামের ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পুনরায় শেয়ার করেন বিজয়। ভিডিওতে এক নারীকে বিজয়ের আচরণের বিভিন্ন দিক নিয়ে অতিরঞ্জিত বিশ্লেষণ করতে দেখা যায়।


ভিডিওটিতে সোফার কোন পাশে বিজয় বসেছেন, তার পাশে কফির কাপ থাকলেও রাশমিকার পাশে কেন নেই, কিংবা নির্দিষ্ট মুহূর্তে রাশমিকার দিকে তিনি কীভাবে তাকাচ্ছেন—এমন বিষয় নিয়েও প্রশ্ন তোলা হয়। পাশাপাশি রাশমিকাকে ইনস্টাগ্রামে অনুসরণ না করার বিষয়টি নিয়েও ব্যঙ্গ করা হয়। এসবের ভিত্তিতে ভিডিওতে বিজয়কে আত্মকেন্দ্রিক ও পুরুষতান্ত্রিক মনোভাবাপন্ন হিসেবে উপস্থাপন করা হয়।


ভিডিওটি শেয়ার করে হাসির ইমোজি দেন বিজয়। পাশাপাশি তিনি লেখেন, ‘সাবটাইটেল দরকার। আঞ্চলিক ভাষায়।’ তার এই প্রতিক্রিয়ার পর ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়।


ভিডিওটির মন্তব্যের ঘরে অনেকেই এর হাস্যরসের প্রশংসা করেছেন। কেউ কেউ এটিকে পুরো বিতর্কের সবচেয়ে পরিণত প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন। আবার ভিডিও নির্মাতার লাল টি-শার্টকেও ‘রেড ফ্ল্যাগ’ ধারণার সঙ্গে মিলিয়ে প্রতীকী রসিকতা হিসেবে দেখেছেন অনেকে।


সব মিলিয়ে, রাশমিকা ও বিজয়কে ঘিরে ব্যক্তিগত সম্পর্কের আলোচনা এবার নতুন মাত্রা পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যঙ্গাত্মক ভিডিওকে কেন্দ্র করে।