সাদিয়া আয়মানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, জানালেন খায়রুল বাসার
ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার ও অভিনেত্রী সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন একসময় শোবিজ অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। একসঙ্গে একাধিক নাটকে অভিনয় করার সুবাদে তাদের সম্পর্ক নিয়ে নানা কথা ছড়ালেও এত দিন প্রকাশ্যে বিষয়টি স্বীকার করেননি দুজনের কেউই। তবে সম্প্রতি একটি পডকাস্টে খায়রুল বাসার জানিয়েছেন, সাদিয়া আয়মানের সঙ্গে সত্যিই তাঁর প্রেমের সম্পর্ক ছিল। কয়েক বছর আগেই সেই সম্পর্কের ইতি ঘটেছে।
বিজ্ঞাপনের মাধ্যমে পরিচয়, পরে প্রেম
খায়রুল বাসার জানান, নাটকে জুটি হিসেবে কাজ শুরু করার আগেই একটি বিজ্ঞাপনের মাধ্যমে সাদিয়া আয়মানের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। পরবর্তী সময়ে একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। একপর্যায়ে সেই ঘনিষ্ঠতা প্রেমের সম্পর্কে রূপ নেয়।
সম্পর্কের বিষয়টি আগে প্রকাশ্যে স্বীকার না করার কারণও ব্যাখ্যা করেছেন এই অভিনেতা। তাঁর ভাষ্য, তখন বিষয়টিকে গুঞ্জন বলে এড়িয়ে যেতেন তাঁরা। কারণ, ব্যক্তিগত সম্পর্কের কথা প্রকাশ্যে এলে সেটি স্বাভাবিক রাখা কঠিন হয়ে যেতে পারে বলে তাঁর মনে হয়েছিল।
এ প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, ‘তখন গুঞ্জন বলে উড়িয়ে দিতাম। কারণ ভালো কিছু ভালো থাকে না। ভালো রাখাটা কঠিন হয়ে যায়। এ কারণেই এড়িয়ে যেতাম। তবে সাদিয়ার সঙ্গে আমার প্রেম ছিল।’
সম্পর্ক ভাঙার পর একসঙ্গে অভিনয় বন্ধ
সম্পর্কের ইতি ঘটার পর খায়রুল বাসার ও সাদিয়া আয়মানের পেশাগত সম্পর্কেও পরিবর্তন আসে। একটা সময় নিয়মিত জুটি হিসেবে নাটকে অভিনয় করলেও পরবর্তী সময়ে একই পর্দায় তাঁদের উপস্থিতি কমে যায়। বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যেও কৌতূহল তৈরি হয়।
কেন এখন আর একসঙ্গে অভিনয় করেন না, পডকাস্টে তার ব্যাখ্যাও দিয়েছেন খায়রুল বাসার। তিনি জানান, সম্পর্ক শেষ হওয়ার পর দুজনের সম্মতিতেই একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিনেতা বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, আমাদের একসঙ্গে কাজ না করা ভালো। দুজনের জন্য ভালো বলেই আমরা কাজ করছি না। দর্শক আমাদের দেখতে চায় কিন্তু আমাকে তো স্বাভাবিক থেকে কাজটা করতে হবে। তাকেও স্বাভাবিক থাকতে হবে। সত্যি বলতে আমরা ওই জায়গাটি রাখিনি।’
জনপ্রিয় ছিল সাদিয়া-খায়রুল জুটি
করোনার পরবর্তী সময়ে ছোট পর্দায় নিয়মিত জুটি হিসেবে দর্শকদের নজর কেড়েছিলেন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। তাঁদের অভিনীত ‘ডুব সাঁতার’, ‘বাবুই পাখির বাসা’, ‘জলতরঙ্গ’, ‘দই ফুচকা’ ও ‘দ্য ফার্স্ট কেস’-এর মতো নাটক দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল।
ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হওয়ার পরও তাঁদের একসঙ্গে পর্দায় দেখার আগ্রহ রয়েছে দর্শকদের। তবে নিজেদের স্বাভাবিকভাবে কাজ করার স্বার্থে আপাতত একসঙ্গে অভিনয় থেকে দূরে রয়েছেন এই দুই অভিনয়শিল্পী।