৮৩২ কোটি টাকার দুর্নীতি তদন্তে আলোচনায় অভিনেত্রী শাবানা
তামিলনাড়ুর সাবেক খাদ্য ও সমবায়মন্ত্রী কে এন নেহরুর বিরুদ্ধে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। ৬৩৪ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩২ কোটি টাকার আর্থিক অনিয়মের তদন্তে দক্ষিণী টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শাবানা সাজাহানের নাম আলোচনায় এসেছে।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন অভিনেত্রী। সম্প্রতি এক বিবৃতিতে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ
বিবৃতিতে শাবানা জানান, কোনো ধরনের তথ্যসূত্র ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পেজ তাঁকে নিয়ে মিথ্যা খবর ও আপত্তিকর ক্যাপশন ছড়াচ্ছে। এমনকি তাঁর ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ ট্রোলও করা হচ্ছে।
এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে অভিনেত্রী বলেন, তাঁকে নিয়ে তৈরি অপমানজনক ও যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট অত্যন্ত আপত্তিকর। এসব পোস্টের মাধ্যমে তাঁর ওপর ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে।
অপপ্রচারকারীদের উদ্দেশে শাবানা প্রশ্ন তোলেন, অভিযোগগুলো ভবিষ্যতে মিথ্যা প্রমাণিত হলে যারা এখন অপপ্রচার চালাচ্ছেন, তাঁরা কি একইভাবে সত্য তুলে ধরবেন?
তিনি আরও বলেন, তাঁর মর্যাদা অন্য কারও মতামতের ওপর নির্ভর করে না। তাঁর পরিবার প্রকৃত সত্য জানে।
দুর্নীতির অভিযোগ তদন্তে তল্লাশি
তামিলনাড়ুর সাবেক মন্ত্রী কে এন নেহরুর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করছে ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন (ডিভিএসি)। মামলায় প্রায় ৮৩২ কোটি ৭৭ লাখ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে সম্প্রতি এ ঘটনায় প্রায় ২৫টি স্থানে তল্লাশি অভিযান চালানো হয়েছে।
এই দুর্নীতি তদন্ত ঘিরে এর আগে দক্ষিণী টেলিভিশনের আরেক অভিনেত্রী জননী অশোককুমারের নামও আলোচনায় আসে। তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দুর্নীতির অভিযোগের সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছিলেন।
ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি
কেরালায় জন্ম নেওয়া শাবানা সাজাহান তামিল টেলিভিশন ধারাবাহিক ‘সেম্বারুথি’-তে পার্বতী চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এ ছাড়া ‘মি. মানাইভি’ ও ‘পুলিশ পুলিশ’-এর মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।
তামিল অভিনেতা আরিয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শাবানা।