সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে পরীমনিকে আইনি নোটিশ
সাংবাদিক হয়রানি এবং জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন।
রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় নোটিশটি পাঠানো হয়।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয়, অঙ্গভঙ্গি এবং অশ্লীল নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। চলচ্চিত্র, ভিডিও, অডিওভিজ্যুয়াল, স্থিরচিত্র, গ্রাফিকস কিংবা অন্য কোনো মাধ্যমে ধারণ ও প্রদর্শিত হয়—এমন শৈল্পিক বা শিক্ষাগত মূল্যহীন কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে পরীমনিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।