শনিবার , ০৭ নভেম্বর ২০২৬
শনিবার , ০৭ নভেম্বর ২০২৬
হোম › বিনোদন › সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

favicon
ভোরের আলো ডেস্ক:
সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামে আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। গণমাধ্যমকর্মীর সঙ্গে সাম্প্রতিক এক অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের সাংবাদিকদের ক্ষোভের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজক কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।


আয়োজকরা জানান, ঢাকা আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির ঘটে যাওয়া ঘটনার ১৭ দিন আগেই তার সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণের চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীর প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগ এবং চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তাকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এর আগে শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করেন পরীমনি। পোস্টারের সঙ্গে তিনি লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’


পোস্টারটি প্রকাশের পর জাতীয় দৈনিকের এক প্রতিবেদক আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি দৈনিক সমকালের সাংবাদিক রবির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। একই সঙ্গে ওই সাংবাদিকের মায়ের কাছেও ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা না করলে বিকল্প অতিথি খুঁজে নেওয়ার আহ্বান জানান।


এরপর বিষয়টি চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। গণমাধ্যমকর্মীদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা।


এদিকে, পরীমনিকে বাদ দিয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের নতুন পোস্টারও প্রকাশ করেছেন আয়োজকরা।


আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন একটি কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।