মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
হোম › বিনোদন › পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ের খবর জানালেন আসাদ নূর

পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ের খবর জানালেন আসাদ নূর

favicon
ভোরের আলো ডেস্ক:
পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ের খবর জানালেন আসাদ নূর

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। ব্লগার আসাদ নূরকে বিয়ে করেছেন পারশা—এবার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন আসাদ নূর। একই সঙ্গে বিয়ের খবর এত দিন গোপন রাখার কারণও জানিয়েছেন তিনি।


সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারে এসে বিয়ের খবর প্রকাশ করেন আসাদ নূর।


লাইভে আসাদ নূর জানান, তারা দুজন পরিকল্পিতভাবেই বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন। সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙা এবং ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত কৌতূহল ও প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করাই ছিল তাদের উদ্দেশ্য।


এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পাঞ্জাবি, শাড়ির আঁচল কিংবা ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো বিভিন্ন ইঙ্গিত প্রকাশ করেছিলেন তারা। এমনকি ছবি আড়াল রেখেও মানুষের প্রতিক্রিয়া দেখেছেন বলে জানান আসাদ নূর।


বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের বাড়তি আগ্রহের বিষয়টি সামনে আনতে চেয়েছিলেন বলেও জানান তিনি। পাশাপাশি ধর্মীয় উগ্রবাদ ও উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসীদের প্রচলিত চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করাও তাদের উদ্দেশ্যের অংশ ছিল বলে উল্লেখ করেন আসাদ নূর।


লাইভে পারশার পরিবার ও বেড়ে ওঠা নিয়েও কথা বলেন তিনি। আসাদ নূরের ভাষ্য অনুযায়ী, পারশা পরিবারের একমাত্র সন্তান। তার বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। গান ও সংস্কৃতির পরিবেশে বেড়ে ওঠা পারশার ক্যারিয়ার, যোগ্যতা ও অর্জনের প্রতি সম্মান রেখেই তারা একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।


এ সময় নিজের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ওঠা অভিযোগও অস্বীকার করেন আসাদ নূর। তিনি জানান, কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করেন না। বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকেও অর্থ বা অনুদান নেননি।


জুলাই আন্দোলনে পারশার ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। আসাদ নূরের দাবি, আন্দোলনের সময় পারশা আলোচিত ‘পোস্টার গার্ল’ ছিলেন। আন্দোলনকেন্দ্রিক ‘চলো ভুলে যাই’ গানেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।


লাইভের শেষ দিকে পারশাকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি আপত্তিকর ছবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও অপপ্রচারের সমালোচনা করেন আসাদ নূর। নারীদের ব্যক্তিগত মর্যাদা ও সম্মান রক্ষার আহ্বান জানান তিনি।