মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
হোম › বিনোদন › ২২৬ কোটি টাকার ঋণখেলাপির আইনি নোটিশ, সংকটে অনন্ত জলিলের ব্যবসা

২২৬ কোটি টাকার ঋণখেলাপির আইনি নোটিশ, সংকটে অনন্ত জলিলের ব্যবসা

favicon
ভোরের আলো ডেস্ক:
২২৬ কোটি টাকার ঋণখেলাপির আইনি নোটিশ, সংকটে অনন্ত জলিলের ব্যবসা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্ত বর্তমানে বড় ধরনের ব্যবসায়িক ও আর্থিক সংকটের মুখে পড়েছেন। শত শত কোটি টাকার ব্যাংকঋণ পরিশোধ করতে না পারায় তার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে দেখা দিয়েছে অস্থিরতা। একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক।


জানা গেছে, গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অনন্ত জলিলের কারখানাগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ব্যবসা সচল রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার চেষ্টাও সফল হয়নি।


এদিকে, ঋণের টাকা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। এবি অ্যাপারেলস লিমিটেডের নামে নেওয়া ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ের লক্ষ্যে এই নোটিশ পাঠানো হয়েছে।


ব্যাংক সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে ঋণটি পুনঃতফসিল করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে ঋণ পরিশোধের জন্য দেওয়া একটি চেক গত ২ নভেম্বর পর্যাপ্ত অর্থ না থাকায় প্রত্যাখ্যাত হয়। নোটিশে আগামী ৩০ দিনের মধ্যে পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।


নিজের ব্যবসায়িক সংকট প্রসঙ্গে গণমাধ্যমকে অনন্ত জলিল জানিয়েছেন, করোনাকালে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হলেও শ্রমিকদের বেতন-ভাতা নিয়মিত দিতে তিনি প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। পরবর্তী সময়ে সেই ঋণের সুদ বাড়তে থাকায় দেনার পরিমাণও বেড়েছে।


তার মতে, বৈশ্বিক মহামারি করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো আন্তর্জাতিক পরিস্থিতি তার ব্যবসায়িক সংকটকে আরও গভীর করেছে। ব্যাংকের আন্তরিক সহযোগিতা ছাড়া এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো কঠিন বলেও মনে করেন তিনি।


ব্যবসা টিকিয়ে রাখতে দেশি-বিদেশি বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে যোগাযোগ করেছেন অনন্ত জলিল। একাধিক চীনা উদ্যোক্তার সঙ্গেও কয়েক দফা বৈঠক করেছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত এসব উদ্যোগ থেকে আশানুরূপ ফল পাওয়া যায়নি।


চলচ্চিত্রে ব্যস্ততার কারণে ব্যবসায় মনোযোগ কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে কি না, তা নিয়েও আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি অনন্ত জলিল।


সব মিলিয়ে চলচ্চিত্রের পর্দায় সাফল্য পাওয়া এই তারকা এখন নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যাংকঋণ এবং শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি।