সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
হোম › বিনোদন › মধ্যরাতে ফেসবুক লাইভে পরীমনির অভিযোগ, গাড়িতে হামলা ও ভাঙচুর

মধ্যরাতে ফেসবুক লাইভে পরীমনির অভিযোগ, গাড়িতে হামলা ও ভাঙচুর

favicon
ভোরের আলো ডেস্ক:
মধ্যরাতে ফেসবুক লাইভে পরীমনির অভিযোগ, গাড়িতে হামলা ও ভাঙচুর

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে হামলা ও গাড়ি ভাঙচুরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত তুলে ধরেন তিনি। ঘটনাটিকে পরিকল্পিত বলেও সন্দেহ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।


পরীমনির অভিযোগ, গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠান শেষ হওয়ার পর হঠাৎ এক ব্যক্তি তার সঙ্গে আক্রমণাত্মক আচরণ শুরু করেন। একপর্যায়ে তার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।


পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় গাড়িতে উঠতে পারছিলেন না বলেও লাইভে জানান তিনি। এ কারণে অনুষ্ঠানস্থলের পেছনের দিকে বসে থাকতে হচ্ছে বলে জানান অভিনেত্রী।


পরীমনি বলেন, বাধ্য হয়ে তিনি গুলশান থানায় ফোন করেছেন। এ সময় ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিত থাকার কথাও জানান তিনি। লাইভে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি অনুষ্ঠানের স্টল ভাঙচুর এবং অন্য শিল্পীদের হেনস্তার অভিযোগ তোলেন।


ঘটনার জন্য ‘ইয়োলো জার্নালিজম’ চর্চাকারীদের দায়ী করেন পরীমনি। তার অভিযোগ, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কারও সঙ্গে কোনো বিরোধ থাকলে তা সরাসরি আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি।


পরে আরও কয়েকটি ফেসবুক লাইভ করেন পরীমনি। এর একটি ভিডিওতে তাকে সাদা রঙের একটি গাড়িতে উঠতে দেখা যায়। এ সময় সন্তানকে দ্রুত গাড়িতে নিয়ে আসার জন্য বলেন তিনি। পরে গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে। ভিডিওতে সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতিও দেখা যায়।


সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনার রেশ


এদিকে কয়েক দিন আগে আদালত প্রাঙ্গণে পরীমনির নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনাও আলোচনায় রয়েছে।


ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় গত বৃহস্পতিবার ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন আদালতে যাওয়ার পথে তার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়।


ওই ঘটনায় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। অন্যদিকে পরীমনির দাবি, ওই সাংবাদিক তাকে স্পর্শ করেছিলেন।


তবে পরীমনির অভিযোগ অস্বীকার করে রবিউল দাবি করেন, অভিনেত্রী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, পুরো ঘটনাটি ভিডিওতে ধারণ করা হয়েছে।


গত ৫ নভেম্বরের ওই ঘটনার জেরে পরীমনিকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। নোটিশে সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই নোটিশ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।


তবে গুলশান শুটিং ক্লাবে গাড়ি ভাঙচুরের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।