বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিনোদন › অডিশনে অভিনয় দেখে রবার্ট প্যাটিনসনকে বন্ড নির্বাচনে রাজি হন বেজোস

অডিশনে অভিনয় দেখে রবার্ট প্যাটিনসনকে বন্ড নির্বাচনে রাজি হন বেজোস

favicon
ভোরের আলো ডেস্ক:
অডিশনে অভিনয় দেখে রবার্ট প্যাটিনসনকে বন্ড নির্বাচনে রাজি হন বেজোস

‘ব্যাটম্যান’ ও ‘টোয়াইলাইট’ সিরিজের মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত মুখ রবার্ট প্যাটিনসন। তবে নতুন জেমস বন্ড হিসেবে তাকে নির্বাচনের বিষয়ে শুরুতে আপত্তি ছিল অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোসের। পরে অডিশনে প্যাটিনসনের অভিনয় দেখে নিজের মত পরিবর্তন করেন তিনি।


মঙ্গলবার (১৭ নভেম্বর) ‘সেমাফোর সিলিকন ভ্যালি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’ অনুষ্ঠানে এ কথা জানান বেজোস।


তিনি বলেন, শুরুতে প্যাটিনসনকে নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন তিনি। কারণ, সাধারণত জেমস বন্ড চরিত্রে এমন অভিনেতাদের বেছে নেওয়া হয়, যারা নির্বাচনের সময় খুব বেশি পরিচিত থাকেন না। তবে অডিশনে প্যাটিনসনের অভিনয় দেখার পর তার মনে হয়েছে, বন্ড চরিত্রের জন্য তিনিই উপযুক্ত।


নতুন জেমস বন্ড নির্বাচনের প্রক্রিয়ায় নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও জানান বেজোস। তিনি বলেন, পুরো নির্বাচনপ্রক্রিয়া অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হয়েছে। শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।


বেজোসের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক বাছাই শেষে পাঁচজন অভিনেতাকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছিল। তাঁদের নিয়ে প্রচলিত পদ্ধতিতে অডিশন নেওয়া হয়। প্রত্যেককে পূর্ণ পোশাক, বাস্তব সেট এবং অন্য অভিনেতাদের সঙ্গে তিনটি আলাদা দৃশ্যে অভিনয় করতে হয়েছিল।


চূড়ান্ত তালিকায় থাকা পাঁচজনই অসাধারণ ছিলেন বলে মন্তব্য করেন বেজোস। তবে রবার্ট প্যাটিনসনের অভিনয় ও ব্যক্তিত্বে বিশেষ কিছু খুঁজে পান তাঁরা। পরিচালক ডেনিস ভিলনুভসহ সংশ্লিষ্ট সবাই প্যাটিনসনের পক্ষেই মত দেন বলে জানান তিনি।


সোমবার (১৬ নভেম্বর) জেমস বন্ড সিরিজের সপ্তম অভিনেতা হিসেবে প্যাটিনসনের নাম ঘোষণা করা হয়। তিনি ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২৮ সালে মুক্তির জন্য নির্ধারিত সিরিজের ২৬তম সিনেমায় দেখা যাবে তাকে।


লন্ডনে জন্ম নেওয়া প্যাটিনসন এক বিবৃতিতে বলেন, জেমস বন্ড চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭-এর দায়িত্ব পাওয়া তাঁর জীবনের সবচেয়ে বড় সম্মান।


তথ্যসূত্র: বিবিসি