সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
হোম › বিনোদন › এবার কমেডি সিরিজে অভিনয় করবেন ক্রিস্টিয়ানো রোনালদো

এবার কমেডি সিরিজে অভিনয় করবেন ক্রিস্টিয়ানো রোনালদো

favicon
ভোরের আলো ডেস্ক:
এবার কমেডি সিরিজে অভিনয় করবেন ক্রিস্টিয়ানো রোনালদো

ফুটবল মাঠের বাইরেও নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এবার তাঁকে দেখা যাবে ফুটবলভিত্তিক কমেডি সিরিজে। ‘ডে ওয়ানস’ নামের এই সিরিজে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন তিনি। সিরিজটি প্রচারিত হবে প্যারামাউন্ট প্লাসে।


১০ পর্বের এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করছেন হলিউড অভিনেতা ড্যামিয়েন লুইস। এর গল্প আবর্তিত হয়েছে এক প্রতিভাবান তরুণ ফুটবলারকে ঘিরে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন পূরণ করে ব্রেন্টফোর্ড এফসিতে যোগ দেয় সে। সাফল্য ও খ্যাতি অর্জনের পরও শৈশবের বন্ধুদের ভুলে যায় না তরুণ ফুটবলার। জীবনের শুরু থেকেই যারা তার পাশে ছিল, তাদের নিয়েই এগিয়ে যাবে গল্প।


সিরিজে ড্যামিয়েন লুইসকে দেখা যাবে একজন ফুটবল এজেন্টের চরিত্রে। ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন তিনি। এ ছাড়া সাবেক ফরাসি ফুটবলার থিয়েরি অঁরিও যুক্ত হয়েছেন প্রকল্পটির সঙ্গে। নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজের চরিত্রেই তাঁকে দেখা যেতে পারে। অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন ব্রিটিশ র‍্যাপার ডেভও।


‘কিংসম্যান’খ্যাত নির্মাতা ম্যাথিউ ভন সিরিজটি পরিচালনা করছেন। প্রথম পর্বটিও পরিচালনা করেছেন তিনি। ‘বোরাট’ সিনেমার সঙ্গে যুক্ত থাকা ড্যান মাজের দায়িত্ব পালন করছেন সিরিজটির শোরানার হিসেবে। এর মূল ভাবনা এসেছে ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের কাছ থেকে।


রোনালদো ও ম্যাথিউ ভনের যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর-মার্ভ স্টুডিওর প্রথম টেলিভিশন প্রকল্প ‘ডে ওয়ানস’। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন তাঁরা। এ ছাড়া ডাবলডি স্পোর্টস ও আর্চারি পিকচার্সও সিরিজটির প্রযোজনায় যুক্ত রয়েছে।


প্রকল্পটি নিয়ে রোনালদো জানিয়েছেন, ফুটবল কেবল মাঠের খেলা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা, আনুগত্য ও ত্যাগের গল্প। মাঠের বাইরের এসব অভিজ্ঞতা দর্শকদের সামনে তুলে ধরতে চান তিনি। প্রযোজক হিসেবে এমন একটি গল্পের অংশ হতে পেরে আনন্দিত বলেও জানিয়েছেন এই তারকা।


অন্যদিকে ম্যাথিউ ভনের মতে, রোনালদোর সঙ্গে যৌথভাবে গড়ে তোলা প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরুর জন্য এটি উপযুক্ত প্রকল্প। ফুটবলে দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত রোনালদো ও থিয়েরি অঁরিকে একই প্রকল্পে যুক্ত হতে দেখেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


ইতোমধ্যে সিরিজটির নির্মাণকাজ শুরু হয়েছে। তবে ‘ডে ওয়ানস’ কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্যারামাউন্ট প্লাস।