সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
হোম › বিনোদন › সানি দেওলপুত্র রাজবীরের সঙ্গে সারার বিয়ের গুঞ্জন, যা জানাল ঘনিষ্ঠ সূত্র

সানি দেওলপুত্র রাজবীরের সঙ্গে সারার বিয়ের গুঞ্জন, যা জানাল ঘনিষ্ঠ সূত্র

favicon
ভোরের আলো ডেস্ক:
সানি দেওলপুত্র রাজবীরের সঙ্গে সারার বিয়ের গুঞ্জন, যা জানাল ঘনিষ্ঠ সূত্র

বলিউড ও ক্রিকেটজগতের তারকাদের প্রেম কিংবা বিয়ের সম্পর্ক নিয়ে প্রায়ই আলোচনা হয়। এবার সেই আলোচনায় উঠে এসেছে ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার ও বলিউড অভিনেতা সানি দেওলের ছেলে রাজবীর দেওলের নাম। তাদের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও বিষয়টিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ঘনিষ্ঠ সূত্র।


ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সারা ও রাজবীরের মধ্যে কোনো সম্পর্ক নেই। এমনকি তাদের কখনো দেখাও হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।


সূত্রের ভাষ্য, সারা বর্তমানে একাই রয়েছেন এবং নিজের কাজের প্রতি মনোযোগী। তাদের বিয়ের খবরের কোনো সত্যতা নেই। এ ধরনের জল্পনাকে অপ্রয়োজনীয় বলেও মন্তব্য করা হয়েছে। সারা এসব গুঞ্জন নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চান না বলেও জানা গেছে।


এর আগে নিজের বিয়ে নিয়ে ভাবনার কথা জানিয়েছিলেন সচিনকন্যা। ভাই অর্জুনের বিয়েতে অংশ নিয়ে নিজের ভবিষ্যৎ বিয়ে সম্পর্কে কিছু উপলব্ধির কথা তুলে ধরেছিলেন তিনি।


সারা জানিয়েছিলেন, ভাইয়ের বিয়ের অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখেছেন। নিজের বিয়েতে কী চান এবং কী চান না, সে বিষয়ে ধারণা পেয়েছেন।


বিয়ের সাজ নিয়েও একসময় নিজের পছন্দের কথা জানিয়েছিলেন সারা। ছোটবেলায় হালকা প্যাস্টেল রঙের পোশাকে কনে সাজতে পছন্দ করতেন তিনি। বড় আয়োজনের বিয়ের স্বপ্নও ছিল। তবে সময়ের সঙ্গে সেই ভাবনায় পরিবর্তন এসেছে। এখন ঘরোয়া ও একান্ত আয়োজনের বিয়ের প্রতি আগ্রহী তিনি। পাশাপাশি কনের সাজে লাল রঙের প্রতিও ঝোঁক রয়েছে তার।


নিজের সিদ্ধান্তহীনতার কথা মজার ছলে উল্লেখ করে সারা বলেছিলেন, তুলা রাশির হওয়ায় সিদ্ধান্ত নিতে বেশ অসুবিধা হয় তার। তাই বিয়ের পোশাকের রং হিসেবে সবুজও বেছে নিতে পারেন।


এর আগে ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে সারার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেই আলোচনা বেশিদূর এগোয়নি। এবার রাজবীর দেওলের সঙ্গে বিয়ের গুঞ্জন ছড়ালেও ঘনিষ্ঠ সূত্রের বক্তব্যে জানা গেছে, এ খবরের কোনো ভিত্তি নেই।