ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে তাপমাত্রা
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা কমে শীতের অনুভূতি বেড়েছে। তবে আজ বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২২ নভেম্বর) সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
গতকাল শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস।